Wednesday, August 14, 2013

এক খানি চিঠি লিখব তোমায়

এক খানি চিঠি লিখব তোমায়
অনেক যত্নে আজ ...
ভাষা খুঁজছি, খুঁজছি বিশেষ
শব্দের কারুকাজ ।

এক খানি চিঠি লিখব তোমায়
অনেক বছর পরে,
স্নায়ু-চঞ্চল মন টা কে তাই,
বন্দী করেছি ঘরে ।

সাদা কাগজে হিজিবিজি কাটি
সকাল থেকে সাঁঝ
এক খানি চিঠি লিখব ঠিকই
অনেক যত্নে আজ!


Saturday, August 3, 2013

কমলিকা

সবুজ পাহাড়ি গালিচায় যেথা মেঘেদের পড়ে চুম্বণ ... নাম না জানা কাজলা মেয়ের শুনেছি নুপুর নিক্কণ! "কে গো তুমি মেয়ে,শীতল পাহাড়ে জাগাও রূপের শিখা?" স্মিত হাসি হেসে জবাব সে দেয়, "আমি-ই তো কমলিকা!"

Wednesday, June 26, 2013

ঝীলম

স্রোতস্বিনী তুমি,
ভেজাও আমার সত্তা ...
ঝীলম তোমার স্রোতের মুখে 
রাখলাম নিরাপত্তা! 

Saturday, June 22, 2013

পাসে থাকো

মেঘলা বিকেলে, উদাসী মন 
সন্ধান করে প্রতি টি ক্ষণ 
তোমার উপস্থিতি ... 
নাই বা রইলো রোদ্দুর সাথে,
তুমি পাসে থাকো সিক্ত পথে,
বাড়বে চলার গতি।

Thursday, May 2, 2013

পন্ডিত রবিশঙ্কর এর প্রতি


রবির কলম থেমেছে আগেই 
থামল রবির সুর,
আশা রাখি, দেবে আকাশের রবি,
অবিরত রোদ্দুর!

Wednesday, April 3, 2013

বদলা


বড়সড় কুত্তা,
মেরেছিল গোত্তা,
প্যাঁচা টার দুর্বল নাকে ...
ক্ষমতায় এসে প্যাঁচা,
কুত্তা কে দিল খোঁচা,
বদলা নিল সে এই ফাঁকে!

Saturday, December 8, 2012

রাত্রি

রাত্রি তুমি রূপ বদলাও,
প্রতি সপ্তাহ শেষে।
রাত্রি আমার ভালবাসা তবু 
রয়ে যাবে একপেশে ...
রাত্রি তুমি আলো-আঁধারি 
রাত্রি তুমি গোপন,
রাত্রি তোমার মধুর সুরে 
প্রেম হয়েছে রোপণ।
রাত্রি তুমি বলছ আমায়,
বদলে গেছি আমি?
রাত্রি তোমায় ধরব বলে 
হয়েছি অস্তগামী! 

Thursday, November 8, 2012

এলোমেলো ঘর

যার ঘর এটা, লজ্জায় তার 
মাথা হয়ে যাবে হেঁট,
চাড্ডি  ঝোলে টেবিল ফ্যানে 
চেয়ারে পাজামা সেট!
রেনকোট টি সোফার উপর  
স্থিতি-জাড্যয় স্থির
কলঙ্কিত কাপ-ডিশ যত 
মেঝেতে করেছে ভিড় !
দরজায় ঝোলে প্যান্টুল গুলি 
বেশি ভাগ সব বাসি, 
ভেজা গামছায় ঢাকা পরেছে 
জানলার পাসে এ. সি !
বিছানায় শুয়ে টিকটিকি এক 
হরিহর তার নাম,
প্রাণ-কাঁপানো মোজার গন্ধে 
অবদান রাখে ঘাম!   
যার ঘর এটা, জানাচ্ছি তাকে  
শত সহস্র ধিক!
কি বলো  হে?! তোমারি ঘর?
অনুমাণ টা ঠিক! 

 


Friday, October 5, 2012

সিরিয়াল কিলার

মন গেছে চুরি 
হরিধন বালার...
হৃদয় হারিয়ে সে,
সিরিয়াল কিলার!
কিল মারে একে-ওকে 
কিল মারে নাকে,
কিল মারে বন্ধুর
জায়মান টাকে! 

Tuesday, September 25, 2012

গন্ডি

চারপাশে কাটি গন্ডি যত্নে...
তবু মাঝে মাঝে  বেয়াড়া সূর্য,
ছায়া ফেলে তোর লম্বা! 

Sunday, September 23, 2012

কর্কট

টেনে নেব তোমাকে এমনি ভাবে
সিগারের ধোঁয়ার মত,
যত খুশি বিষ ছড়াও আমার ফুসফুসে...
সমস্ত ধমনী তে,
শিরায় শিরায় যেভাবে ছড়িয়ে পড়েছে
তোমার কাজল...আর কোনো রোগ কে
পাই না আমি ভয়!

Wednesday, September 19, 2012

শাস্তি

এক এক করে সবই যাবে...
প্রথমে হৃত্পিণ্ড,
তারপর মেরুদন্ড,
এরপর পালা মস্তিষ্কের...
কঠিন শাস্তি এমনই,
একতরফা ইশ্ক-এর!

Monday, September 17, 2012

আর্ম স্ট্রং

হারিয়ে গেল চাঁদ
কেড়ে নিয়ে সব রং,
শক্ত করে ধরব আবার..
বানাচ্ছি আর্ম স্ট্রং!

Sunday, September 9, 2012

আর এক খানি আকাশ আছে

আর এক খানি আকাশ আছে..
বিস্তৃত আরও, আরও রঙিন,
হয়ত আর এক সূর্য সেখানে
রোদ্দুরে করে রাত কে দিন...
ঠিকানার খোঁজ সেই আকাশের
করে যায় মন অন্তহীন! 

Monday, August 27, 2012

বৃথা আশা

অভ্যাস তুই অন্য কারো,
আমার নতুন নেশা....
অন্য কে দিস আলোর হদিস
আমায় বৃথাই আশা! 

Thursday, August 23, 2012

নোঙ্গরে কামড়

হাবুদের জাহাজের চকচকে নোঙ্গরে,
কামড়টি বসালো পাগল এক হাঙ্গরে |
নোঙ্গরের শোকে হাবু কান্নায় ব্যস্ত,
বাবা কয়,"তবু ভালো জাহাজটি আস্ত!"

বিশুদ্ধ carb

সদাশিব আমরে,
এই খেলো কামড়ে,
এক কাঁদি কলা বহু সুখে |
বিশুদ্ধ carb-এ,
energy বাড়বে,
দাঁড়াবে যুদ্ধে সদা রুখে! 

Tuesday, August 7, 2012

ধন্য


হেসেছি তোমার জন্য
কেঁদেছি তোমার জন্য
জানি না আজকে আমি না তুমি,
কে বেশি হয়েছে ধন্য? 


Monday, August 6, 2012

ঢেউ


জানি তোর কান্না-হাসির হিসেব রাখে
অন্য কেউ,
জানি তোর ভীষণ ভাবে খেয়াল রাখে 
অন্য কেউ...
তবুও মানে না মন,
নীতিগত স্বশাসন...
নির্মূল করে বিবেক কে এসে অবুঝ 
প্রেমের ঢেউ! 

Thursday, August 2, 2012

গড্ডলিকা প্রবাহে

গড্ডলিকা প্রবাহে ভেসে গিয়ে
উড়ে ছিলাম আকাশে,
আজব সম্মোহনে এখনো ভাসছি
অবজ্ঞা করে হাতছানি তোমার....

এর চেয়ে হিমালয়-ই বোধ হয়
বেশি শান্তি দিত |